ছবি সংগৃহীত :
ঢালিউডে শাকিব খান মানেই বড় পর্দায় দর্শকের বাড়তি আগ্রহ। তার সিনেমা ঘিরে যেমন তৈরি হয় আলোচনা, তেমনি প্রিয় জুটির প্রত্যাবর্তনও বাড়িয়ে দেয় প্রত্যাশা। এবার সেই প্রত্যাশার কেন্দ্রে শাকিব খান ও কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। মেহেদী হাসান হৃদয় পরিচালিত বিগ-বাজেট সিনেমা ‘নিঃস্ব’-তে আবারও জুটি বাঁধছেন তারা। সবকিছু ঠিক থাকলে এটি হতে যাচ্ছে শাকিব-ইধিকা জুটির তৃতীয় সিনেমা।
২০২৩ সালে হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ দিয়ে বড় পর্দায় একসঙ্গে হাজির হন শাকিব ও ইধিকা। ইধিকার ক্যারিয়ারের প্রথম সিনেমাই তাকে এনে দেয় ব্যাপক পরিচিতি। সিনেমাটিতে তাদের প্রেমের রসায়ন দর্শকদের মনে জায়গা করে নেয়। বিশেষ করে ইধিকার অভিনয় ও শাকিবের সঙ্গে তার পর্দার উপস্থিতি সিনেমাটিকে আলাদা মাত্রা দেয়।
এরপর দুই বছরের বিরতিতে আবারও একসঙ্গে দেখা যায় তাদের। ২০২৫ সালের রোজার ঈদে মুক্তি পাওয়া মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’ ছিল আগের সিনেমার তুলনায় ভিন্ন আবহের। অ্যাকশন ও রোমান্টিকতার মিশেলে নির্মিত সিনেমাটিতে শাকিব-ইধিকার জুটিও পেয়েছিল নতুন রূপ। তাদের রসায়ন দর্শকের প্রশংসা কুড়ায়। প্রযোজনা সংশ্লিষ্টদের দাবি, বক্স অফিসেও সিনেমাটি বড় সাফল্য পেয়েছে।
দুটি সিনেমার পর এবার তৃতীয়বারের মতো একসঙ্গে পর্দায় আসছেন তারা। ফলে ‘নিঃস্ব’ কে শুধু নতুন সিনেমা নয়, শাকিব-ইধিকা জুটির হ্যাট্রিক হিসেবেও দেখছেন দর্শকরা। জুটির আগের দুই সিনেমার সাফল্যই নতুন সিনেমাটিকে ঘিরে আগ্রহের বড় কারণ হয়ে উঠেছে।
‘নিঃস্ব’-এর নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে সিনেমাটির ঘোষণা থেকেই ছিল নানা আলোচনা। একপর্যায়ে ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূরের নামও ছড়িয়ে পড়ে। তবে প্রযোজক ও সংশ্লিষ্ট সূত্র সেই গুঞ্জন নাকচ করে ইধিকা পালকেই চূড়ান্ত করার কথা জানিয়েছে। নির্মাতা অবশ্য আনুষ্ঠানিক ঘোষণার আগে রহস্য ধরে রেখেছেন। বিশেষ একটি অ্যানাউন্সমেন্ট ভিডিওর মাধ্যমে নায়িকার নাম প্রকাশের কথা জানিয়েছেন তিনি।
বর্তমানে সিনেমাটির চিত্রনাট্য ঘষামাজার কাজ চলছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী অক্টোবরের শেষ সপ্তাহে শুরু হতে পারে দৃশ্যধারণ। ২০২৭ সালের পবিত্র ঈদুল ফিতরকে লক্ষ্য করে সিনেমাটি মুক্তির প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা।
‘প্রিয়তমা’র আবেগঘন প্রেম থেকে ‘বরবাদ’-এর অ্যাকশন—দুই সিনেমায় শাকিব-ইধিকার রসায়ন দেখেছেন দর্শক। এবার ‘নিঃস্ব’-তে সেই জুটিকে নতুন কোন গল্প ও চরিত্রে দেখা যাবে, সেটিই কৌতূহলের বিষয়। আগের দুই সাফল্যের পর হ্যাটট্রিক সিনেমা ‘নিঃস্ব’ তাদের জুটির জনপ্রিয়তাকে আরও ওপরে নিয়ে যেতে পারে কি না, তার উত্তর মিলবে মুক্তির পরই।
আইটি ল্যাব সলিউশন্স লি.