মৌলভীবাজারের কমলগঞ্জে শহীদনগর বাজার পতনঊষার ব্যবসায়ী সমিতির নির্বাচনে পরাজয়ের পর হৃদরোগে আক্রান্ত হয়ে তেরা মিয়া (৭০) নামে এক প্রার্থীর মৃত্যু হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সকালে মৌলভীবাজার সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
নিহত তেরা মিয়া পতনঊষার ইউনিয়নের টিলাগড় গ্রামের বাসিন্দা। তিনি শহীদনগর বাজারের প্রবীণ ব্যবসায়ী ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন তেরা মিয়া। রাতে নির্বাচনের ফলাফল জানার পর থেকেই তিনি বুকে ব্যথা অনুভব করছিলেন।
রোববার সকাল ৮টার দিকে বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হলে তাঁর বুকে ব্যথা বেড়ে যায়। পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে বেডে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।
নিহতের নাতি ইসলাম মিয়া বলেন, সকালে বাজারের উদ্দেশে বের হওয়ার পর দাদার বুকে প্রচণ্ড ব্যথা শুরু হয়। তাঁকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর বেডে নেওয়ার সময় তাঁর মৃত্যু হয়। তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
আইটি ল্যাব সলিউশন্স লি.