প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬ ২০:২৩ (রবিবার)
মার্কিন নৌ অবরোধের মধ্যেও ইরানের তেল বিক্রির আয় ৭৫০ কোটি ডলার

ছবি সংগৃহীত :

মার্কিন নৌ অবরোধের মধ্যেও চলতি ইরানি বছরের প্রথম চার মাসে তেল বিক্রি থেকে পাওয়া ৭৫০ কোটি ডলার কেন্দ্রীয় ব্যাংকে স্থানান্তর করেছে ইরান।

শনিবার (২৯ আগস্ট) আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

 

ইরানের তেল মন্ত্রণালয়ের পাওয়া তথ্যের বরাতে প্রতিবেদনে বলা হয়, এই অর্থ দিয়ে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সরকারের বৈদেশিক মুদ্রায় পরিচালিত ব্যয় মেটানো সম্ভব হবে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ২১ মার্চ থেকে ২২ জুলাই পর্যন্ত প্রথম চার মাসে তেল বিক্রি থেকে ইরানের আয় হয়েছে বাজেটে নির্ধারিত লক্ষ্যমাত্রার ৯৯ শতাংশ।

২০২৬ সালের ২১ মার্চ থেকে ২০২৭ সালের ২০ মার্চ পর্যন্ত ইরানের চলতি অর্থবছরের বাজেট অনুযায়ী যে পরিমাণ তেল রাজস্ব প্রয়োজন, মার্কিন নৌ অবরোধের বাইরে বিক্রির জন্য ইরানের কাছে পর্যাপ্ত তেল রয়েছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।

মার্কিন হামলার পর খার্গ দ্বীপের তেল অবকাঠামো পরিদর্শন ইরানি কর্মকর্তাদের

এদিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে দেশটির তেল রপ্তানি ও সামুদ্রিক বাণিজ্য ব্যাহত হচ্ছে। বৈশ্বিক জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি ঘিরেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিরোধ অব্যাহত রয়েছে।

ইরান কৌশলগত এই জলপথ বন্ধ করে দিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র অবাধ ও নির্বিঘ্ন নৌ চলাচলের জন্য প্রণালিটি পুনরায় খুলে দেওয়ার দাবি জানিয়ে আসছে।

জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ বন্ধে হওয়া একটি সমঝোতা স্মারকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়গুলো গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে রাখা হয়েছে। তবে এর কিছুই বাস্তবায়িত হয়নি।

ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, ওয়াশিংটন অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের জব্দ করা সম্পদ ছাড়ার মতো নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করা পর্যন্ত তেহরান হরমুজ প্রণালি পুরোপুরি খুলবে না।