প্রতিকী ছবি
সিলেট নগরীর শাহপরাণ (রহ.) থানাধীন শিবগঞ্জ মজুমদার পাড়া এলাকা থেকে তুহিন (১৮) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরের দিকে শিবগঞ্জ মজুমদার পাড়া এলাকার জসিম মিয়ার কলোনির একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত তুহিন সিলেট জেলার জকিগঞ্জ থানাধীন থানাবাজার ইউনিয়নের মুমিনপুর এলাকার আব্দুল মালিকের ছেলে। তিনি বর্তমানে শাহপরাণ (রহ.) থানাধীন ২০ নম্বর ওয়ার্ডের শিবগঞ্জ মজুমদার পাড়া এলাকার জসিম মিয়ার কলোনিতে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে তুহিনের স্ত্রী উপশহর সাদারপাড়া এলাকা থেকে বাসায় ফিরে ঘরের ভেতর তার স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি স্থানীয়দের সহায়তায় শাহপরাণ (রহ.) থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তুহিনের মরদেহ উদ্ধার করে।
পরে মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.