প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬ ১৮:০১ (শুক্রবার)
সিলেটে বিদেশি মদসহ সিএনজি অটোরিকশা জব্দ, যুবক আটক

সিলেট এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৪৮ বোতল বিদেশি মদসহ একটি সিএনজি অটোরিকশা আটক করা হয়েছে। এ ঘটনায় জুনেদ (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (২৬ আগস্ট) রাত ১০টা ৪৫ মিনিটে এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল পয়েন্টে ভাই ভাই হোটেলের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, এয়ারপোর্ট থানার এসআই (নিঃ) অর্জুন চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় সিলেট-থ-১১-৪৮৯৬ নম্বরের একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে ৪৮ বোতল AC BLACK PURE GRAIN DELUXL WHISKY উদ্ধার করা হয়। এ ঘটনায় সিএনজিতে থাকা জুনেদকে আটক করা হয়।

আটক জুনেদ সিলেটের জৈন্তাপুর থানার চতুল গ্রামের মৃত আব্দুস ছত্তারের ছেলে। বর্তমানে তিনি শাহপরাণ (রহ.) থানাধীন পীরের বাজার এলাকার স্বপন মিয়ার বাসায় বসবাস করেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 

তিনি আরও জানান, আটক আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।