প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬ ০৯:৩৫ (বৃহস্পতিবার)
সিলেটে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার

সিলেটের দক্ষিণ সুরমায় পুলিশের অভিযানে ১৮১ বোতল বিদেশি মদসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। উদ্ধার করা মদের আনুমানিক মূল্য ১২ লাখ ৪০ হাজার টাকা।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন নাজিরবাজার এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কের পূর্ব পাশে আফিজ উল্যাহ মার্কেটের দক্ষিণ পাশের খালি জায়গায় অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।

দক্ষিণ সুরমা থানা পুলিশ সূত্রে জানা যায়, সিটিএসবি, এসএমপি, সিলেটের দেওয়া সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) জয়ন্ত কুমার দে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৮১ বোতলে মোট ১৮১ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে মদ পরিবহনে ব্যবহৃত একটি পুরোনো প্রাইভেটকার জব্দ করা হয়, যার রেজিস্ট্রেশন নম্বর চট্ট মেট্রো-গ-১১-৩৩৬৬।

পুলিশ জানায়, উদ্ধার করা মদ ও প্রাইভেটকার সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মামলা  দায়ের করা হয়েছে। 

পুলিশ আরও জানায়, অভিযানের সময় ও মদের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।