সিলেটে হামের সংক্রমণ ও মৃত্যু থামছে না। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত সন্দেহে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১২৬ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে হামের সন্দেহে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হামে সন্দেহজনক ও নিশ্চিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৬ জনে।
বুধবার (২৬ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪৯ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬১ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ৯ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের সন্দেহজনক ৩২০ রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৩০ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১৮ জন ভর্তি আছেন।
এ ছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, জকিগঞ্জে ১ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ২০ জন, জামালগঞ্জে ২ জন, হবিগঞ্জ সদর হাসপাতালে ৮ জন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ১৯ জন চিকিৎসাধীন রয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুটির বাড়ি সিলেটের জৈন্তাপুর উপজেলায়। সে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৫৭ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন আক্রান্ত হয়েছেন।
মৃত্যুর হিসাবও উদ্বেগজনক। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সন্দেহজনক হামে সিলেটে ৫৩ জন, হবিগঞ্জে ১৫ জন, মৌলভীবাজারে ১২ জন এবং সুনামগঞ্জে ৫৬ জনসহ মোট ১৩৬ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে নিশ্চিত হামে সিলেটে ৪ জন, হবিগঞ্জে ৪ জন, মৌলভীবাজারে ১ জন এবং সুনামগঞ্জে ১ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে সিলেট বিভাগে হামে সন্দেহজনক ও নিশ্চিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৬ জনে।
স্বাস্থ্য বিভাগের এই পরিসংখ্যান সিলেট বিভাগে চলমান হামের সংক্রমণ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.