প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬ ২৩:৪৪ (বুধবার)
হবিগঞ্জে অভিয়ানে ৮ লাখ ৬১ হাজার টাকার মোবাইল ফোন উদ্ধার

হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযানে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ও বিভিন্নভাবে খোয়া যাওয়া ৮ লাখ ৬১ হাজার টাকা এবং হারিয়ে যাওয়া ৩১টি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার করা টাকা ও মুঠোফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার করা টাকা ও মুঠোফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন।

 

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল (ডিবি) তথ্যপ্রযুক্তির সহায়তায় সাইবার প্রতারণা প্রতিরোধ এবং ভুক্তভোগীদের খোয়া যাওয়া অর্থ ও মালামাল উদ্ধারে কাজ করছে। এরই ধারাবাহিকতায় জেলার বিভিন্ন থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাইবার সেলের একটি দল।

অভিযানে বিকাশ ও নগদের মাধ্যমে প্রতারণার শিকার চার ব্যক্তির ৮ লাখ ৬১ হাজার টাকা উদ্ধার করা হয়। একই সঙ্গে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৩১টি মুঠোফোনও উদ্ধার করা হয়।

পরে মঙ্গলবার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সংশ্লিষ্ট ব্যক্তিদের যাচাই-বাছাই শেষে উদ্ধার করা টাকা  মুঠোফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

জেলা পুলিশ জানিয়েছে, সাইবার প্রতারণা প্রতিরোধের পাশাপাশি ডিজিটাল মাধ্যমে প্রতারণার শিকার ব্যক্তিদের অর্থ এবং হারিয়ে যাওয়া মুঠোফোন উদ্ধারে সাইবার ক্রাইম মনিটরিং সেলের কার্যক্রম অব্যাহত থাকবে।

পুলিশ সুপার মো. তারেক মাহমুদের সার্বিক দিকনির্দেশনায় সাইবার ক্রাইম মনিটরিং সেল তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে এ ধরনের অপরাধ দমন ও ভুক্তভোগীদের সহায়তায় কাজ করছে বলে জানিয়েছে জেলা পুলিশ।