প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬ ২০:০৪ (মঙ্গলবার)
অবৈধ পথে বিদেশ গমনে দেশে প্রতিরোধ গড়তে হবে: সুনামগঞ্জে প্রবাসীকল্যাণমন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধে দেশ থেকেই কার্যকর উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, বিদেশে গিয়ে একজন অভিবাসীর সুরক্ষা নিশ্চিত করতে হলে এর শুরুটা দেশ থেকেই করতে হবে। এ জন্য প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি ও অভিভাবকদের সমন্বিতভাবে সচেতন হতে হবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ‘নিরাপদ অভিবাসন ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধ’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, সিলেট অঞ্চল প্রবাসী অধ্যুষিত হওয়ায় এখানকার মানুষকে বৈধ ও নিরাপদ পথে বিদেশে পাঠাতে হবে। দালালচক্রের প্রতারণা থেকে জনগণকে রক্ষা করতে কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি নিরাপদ অভিবাসন বিষয়ে সাধারণ মানুষকে সঠিক তথ্য দিতে হবে।

তিনি আরও বলেন, অভিবাসীবান্ধব নীতি প্রণয়নের পাশাপাশি মাঠপর্যায়ে সহজলভ্য সেবা নিশ্চিত করা প্রয়োজন। বিদেশে যাওয়ার আগে একজন অভিবাসী যাতে সঠিক তথ্য ও প্রয়োজনীয় সেবা পান, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় উন্মুক্ত আলোচনায় সংসদ সদস্যরা বলেন, অবৈধভাবে বিদেশ যাত্রা বন্ধ করতে দেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। এ জন্য বিশেষ বরাদ্দের পাশাপাশি কারিগরি ও দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন। বিশেষ করে হাওরাঞ্চলের মানুষের জীবন-জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে হাওরের ফসল উৎপাদন ও কৃষির ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার দাবি জানান তারা।

সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদসহ অনেকে।

সভায় জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।