প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬ ১৬:৩৪ (মঙ্গলবার)
ভাতিজীকে ধর্ষণের অভিযোগে চাচার বিরুদ্ধে মামলা

প্রতিকী ছবি

বরিশালের গৌরনদীতে ১০ বছর বয়সী ভাতিজীকে ধর্ষণের অভিযোগে চাচাতো চাচা হারুন কবিরাজের (৬০) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত চাচা পলাতক রয়েছেন। 

সোমবার (২৪ আগস্ট) ধর্ষিতার বাবা বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন। 

এর আগে, ১৫ আগস্ট উপজেলার পশ্চিম শরিফাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত হারুন কবিরাজ একই গ্রামের বাসিন্দা।

মামলা ও ভুক্তভোগী শিশুর পরিবারের বরাত দিয়ে মঙ্গলবার দুপুরে গৌরনদী মডেল থানার (এসআ) ফিরোজ আলম জানিয়েছেন, ঘটনার দিন হারুন কবিরাজের দোকানে বিস্কুট ও চিপস কিনতে যায় ভুক্তভোগী শিশু। এসময় ওই শিশুকে দোকানের পেছনে বাগানের ভেতর নিয়ে ধর্ষণ করে অভিযুক্ত হারুন। 

তিনি আরও জানান, মামলা দায়েরের পর শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।