প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬ ১৩:১৫ (বৃহস্পতিবার)
২ মিনিটের ব্যবধানে দু'বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

ছবি: সংগৃহীত

কোস্টারিকার রাজধানী সান হোসেসহ আশপাশের অঞ্চলে পরপর দুটি মৃদু ও মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার (২৪ আগস্ট) গভীর রাতে মাত্র দুই মিনিটের ব্যবধানে এই ভূ-কম্পন দুটি অনুভূত হয়। এতে অবকাঠামোগত কিছু ক্ষয়ক্ষতি ও ভূমিধসের ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দেশটির ন্যাশনাল সিসমোলজিক্যাল নেটওয়ার্কের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ১টা ৩৭ মিনিটে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে, যার মাত্রা ছিল ৫ দশমিক ৪। এর উৎপত্তিস্থল ছিল রাজধানী সান হোসের কয়েক কিলোমিটার উত্তর-পূর্বে করোনাদো এলাকায়, ভূপৃষ্ঠের মাত্র ৭ কিলোমিটার গভীরে। গভীরতা কম হওয়ায় ওই এলাকায় বেশ জোরালো কম্পন অনুভূত হয়।

প্রথম কম্পনের রেশ কাটতে না কাটতেই মাত্র দুই মিনিট পর একই উৎপত্তিস্থল থেকে ৪ দশমিক ৮ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। এটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই কম্পনটির মাত্রা ৪ দশমিক ৯ বলে রেকর্ড করেছে।

পরপর দুটি ভূমিকম্পের পর সকালজুড়ে সান হোসেসহ পুরো অঞ্চলে বেশ কয়েকটি মৃদু আফটারশক বা অনুকম্পন অনুভূত হতে থাকে। এতে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা কমিশন জানিয়েছে, এখন পর্যন্ত কোনো প্রাণহানির তথ্য পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের প্রভাবে একটি সড়কে ভূমিধস ঘটেছে এবং বেশ কিছু ভবনে সামান্য ফাটল ও ক্ষয়ক্ষতি শনাক্ত করা হয়েছে। কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে এবং ক্ষতিগ্রস্ত এলাকার সড়ক পুনর্নির্মাণে কাজ করছে।