প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬ ১২:৩৭ (মঙ্গলবার)
সুনামগঞ্জে সাড়ে ৬ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক

সুনামগঞ্জের দিরাইয়ে ১ হাজার ৩০৫ পিস ইয়াবাসহ শিশ আহমদ (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

সোমবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর এলাকার খালপাড় হাটি ব্রিজে অভিযান চালিয়ে তাকেআটক করা হয়। তার বাড়ি শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় ইয়াবা কেনাবেচার খবর পেয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই কানন কুমার দাসসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয়দের সহায়তায় শিশ আহমদকে আটক করা সম্ভব হলেও অপর ব্যক্তি পালিয়ে যান। পরে স্থানীয়দের উপস্থিতিতে শিশ আহমদের হেফাজতে থাকা সাতটি জিপারের ভেতর থেকে ১ হাজার ৩০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৬ লাখ ৫২ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় দিরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিশ আহমদ ও দিরাই উপজেলার হাসিমপুর গ্রামের রন দাশের (৪২) বিরুদ্ধে মামলা করা হয়েছে। আটক শিশ আহমদকে মঙ্গলবার (২৫ আগস্ট) আদালতে পাঠানো হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।