প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬ ১৮:৫৬ (মঙ্গলবার)
হাসান মার্কেটের স্থলে অত্যাধুনিক সুপার মার্কেট নির্মাণের ঘোষণা: সিসিক প্রশাসক

সিলেট নগরীর প্রাণকেন্দ্র বন্দরবাজারে বর্তমান হাসান মার্কেটের স্থলে অত্যাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন সুপার মার্কেট নির্মাণের ঘোষণা দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে হাসান মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির কার্যালয়ে আয়োজিত সভায় সিসিক প্রশাসক বলেন, হাসান মার্কেট সিলেট নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত। ঐতিহ্যবাহী এই মার্কেটের স্থলে সময়োপযোগী ও আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি সুপার মার্কেট নির্মাণ করা প্রয়োজন।

তিনি বলেন, ‘এই স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এখানে নতুন মার্কেট নির্মাণের আগে ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। সার্বিক বিষয় পর্যালোচনা করে যত দ্রুত সম্ভব মার্কেট নির্মাণের পথে এগিয়ে যাব।’

আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, নতুন মার্কেটে আন্ডারগ্রাউন্ড পার্কিংসহ বিভিন্ন আধুনিক সুযোগ-সুবিধা থাকবে। পাশাপাশি বর্তমানে যারা হাসান মার্কেটে ব্যবসা করছেন, তারা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়েও সিটি কর্পোরেশন গুরুত্ব দেবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রইছ আলী। সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিমের সঞ্চালনায় সভায় সমিতির উপদেষ্টা মোহাম্মদ আলী আকিক, আজমল হোসেন চৌধুরী, সহসভাপতি আক্তার হোসেন সোহেল, সহসাধারণ সম্পাদক মো. সাহেদ বকস্, আজিজুল মকসুদ তালহা, কোষাধ্যক্ষ জাবেদ আহমদসহ কার্যনির্বাহী কমিটির সদস্য ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সভায় সমিতির সদস্য মীর মোহাম্মদ জাকারিয়া, নিটু দেব, শাহজাহান আহমদ, আবু হানিফ, সবুজ আহমদ, আব্দুল্লাহ আহমদ খোকন, এরশাদ আলম, কাউসার আহমদ, অফিস সহকারী সালমান হোসেন ইমনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।