সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ১৬৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির টাকা হিসেবে ৮ হাজার ৩৫০ টাকাসহ শাহানা বেগম (৪৯) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
শনিবার (২২ আগস্ট) দিনগত রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে দক্ষিণ সুরমা থানাধীন পিরোজপুর আবাসিক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, পিরোজপুর আবাসিক এলাকার জাহাঙ্গীর মিয়ার বাসার নিচতলার ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে শাহানা বেগমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৬৫ পিস ইয়াবা এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ৮ হাজার ৩৫০ টাকা উদ্ধার করা হয়।
আটক শাহানা বেগম লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার ভোলাকোট (ভোড়াগুট) এলাকার সুন্দর আলীর মেয়ে এবং হারুন মিয়ার স্ত্রী। বর্তমানে তিনি দক্ষিণ সুরমার পিরোজপুর আবাসিক এলাকায় জাহাঙ্গীর মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী মামলা করা হয়েছে। মামলার নম্বর-২০, তারিখ ২৩ আগস্ট ২০২৬।
এ তথ্য নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, আটক শাহানা বেগমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেট মহানগরীতে মাদকবিরোধী অভিযান ও অপরাধ নিয়ন্ত্রণে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.