সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অভিযানে ২৪ ঘণ্টায় ৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১৪২টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
শনিবার (২২ আগস্ট) রাত ১২টা থেকে রোববার (২৩ আগস্ট) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব গ্রেফতার ও আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
এসএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী ও মাদকসেবী এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতার হওয়া আসামি রয়েছেন।
অভিযানকালে পুলিশ ৩৫ পিস ইয়াবা, ৮০ পিস ভারতীয় কম্বল এবং ২ হাজার ৪৭০ পিস ভারতীয় চকলেট উদ্ধার করেছে।
এদিকে, একই সময়ে এসএমপির ট্রাফিক বিভাগ নগরীতে পৃথক অভিযান পরিচালনা করে মোট ১৪২টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে ৬৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৭৩টি যানবাহন আটক করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে এসএমপি।
সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
আইটি ল্যাব সলিউশন্স লি.