সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওর হয়ে যাদুকাটা নদীতে ভ্রমণে যাওয়ার পথে চলন্ত হাউসবোট থেকে পড়ে রুকাইয়া নুর (১০) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) বিকেল আড়াইটার দিকে উপজেলার দক্ষিণকুল গোদারাঘাট এলাকায় বৌলাই নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ রুকাইয়া নুর ফরিদপুরের কোতোয়ালি থানার গল চামোট ২ নম্বর সড়ক এলাকার চিকিৎসক ডা. শাহনুর রহমানের মেয়ে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রুকাইয়া নুরসহ প্রায় ২০ জন পর্যটক ‘সাফিনা এ লাক্সারী ওয়াটার ভিলা’ নামের একটি হাউসবোটে করে মধ্যনগর থেকে টাঙ্গুয়ার হাওরসহ তাহিরপুরের বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরতে আসেন। শুক্রবার দুপুরে হাউসবোটটি টাঙ্গুয়ার হাওর হয়ে যাদুকাটা নদীর উদ্দেশ্যে রওনা দেয়।
পথে দক্ষিণকুল গোদারাঘাট এলাকায় বৌলাই নদীতে পৌঁছালে চলন্ত হাউসবোট থেকে হঠাৎ পানিতে পড়ে যায় শিশু রুকাইয়া। এরপর হাউসবোটে থাকা পর্যটক ও সংশ্লিষ্টরা নদীতে বিভিন্নভাবে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
হাউসবোটে থাকা পর্যটক সাজ্জাদ হোসেন সিয়াম বলেন, মধ্যনগর থেকে টাঙ্গুয়ার হাওর হয়ে হাউসবোটটি যাদুকাটার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে বিকেল আড়াইটার দিকে শিশুটি নদীতে পড়ে যায়। এরপর বোটে থাকা সবাই তাকে খুঁজতে চেষ্টা করেন। কিন্তু এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
খবর পেয়ে বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। নৌযান ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে বৌলাই নদীর বিভিন্ন স্থানে নিখোঁজ শিশুটির সন্ধানে অভিযান চালানো হচ্ছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ বলেন, দুপুর আড়াইটার দিকে শিশুটি নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। শিশুটিকে উদ্ধারে অভিযান চলমান রয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.