প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৬ ১৮:৫৩ (শুক্রবার)
নতুন রাষ্ট্রপতির শপথ ঘিরে বঙ্গভবনের আশপাশে উৎসুক জনতার ভিড়

ছবি সংগৃহীত :

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ নিতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

 

 

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিকেল থেকেই বঙ্গভবন ও আশপাশের এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। সকাল থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে এ নিয়ে কৌতূহল দেখা গেছে। কেউ কেউ বঙ্গভবনের আশপাশে এসে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান ঘিরে পরিবেশ দেখছেন। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের প্রত্যাশার কথা জানাচ্ছেন।

শপথ অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বাংলাদেশে নিয়োজিত বিভিন্ন দেশের কূটনীতিক, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

শপথ অনুষ্ঠান ঘিরে শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বঙ্গভবনের আশপাশের এলাকায় যান চলাচলের ক্ষেত্রে কিছু নির্দেশনা অনুসরণ করতে অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে বঙ্গভবনে আসা আমন্ত্রিত অতিথিদের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে না।