সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ববিরোধের জেরে জুমার নামাজে মসজিদে যাওয়ার পথে দুই পক্ষের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার (২১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া (নারায়ণপুর) গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন তিলক গ্রামের জিলু আলীর ছেলে মিসবাহ উদ্দিন (৩০) ও নারায়ণপুর গ্রামের জহুর উদ্দিনের ছেলে আব্দুল হাকিম (৭০)। আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নারায়ণপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে রাসেল মিয়ার সঙ্গে একই গ্রামের মৃত আন্দুর মিয়ার ছেলে আতাব মিয়ার দীর্ঘদিন ধরে পূর্ববিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার জুমার নামাজে মসজিদে যাওয়ার পথে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে আতাব মিয়ার পক্ষের মিসবাহ ও আব্দুল হাকিম গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ তথ্য নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে আমরা বিষয়টি তদন্ত করছি।
আইটি ল্যাব সলিউশন্স লি.