ছবি সংগৃহীত :
যুক্তরাষ্ট্রের আলাস্কার একটি প্রত্যন্ত সামরিক রাডার স্থাপনার কাছে যাত্রীবাহী চার্টার বিমান বিধ্বস্ত হয়ে আট আরোহীর সবাই নিহত হয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে বিমানটি অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে। মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে প্রয়োজনীয় পরিষেবা প্রদানের কাজে বিমানটি নিয়োজিত ছিল। খবর বার্তা সংস্থা এপির।
মার্কিন সামরিক বাহিনীর আলাস্কান কমান্ড ও ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, বেসরকারি চার্টার কোম্পানি ‘সিকিউরিটি এভিয়েশন’ পরিচালিত দ্বিমুখী ইঞ্জিনের ‘সেসনা ৪৪১’ মডেলের বিমানটি অ্যাঙ্করেজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। দুই পাইলট ও ছয় যাত্রী নিয়ে বিমানটি অ্যাঙ্করেজ থেকে ৪৫০ মাইল পশ্চিমে কেপ নিউয়েনহ্যাম সামরিক রাডার সেন্টারে অবতরণের চেষ্টা করলে রানওয়ের কাছেই বিধ্বস্ত হয়।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে আলাস্কান কমান্ডের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রবার্ট ডেভিস জানান, প্রতিকূল এলাকায় দায়িত্ব পালনরত কর্মীদের হারিয়ে তারা শোকাহত এবং বর্তমানে তাদের পরিবারকে সহায়তা দেওয়াই তাদের মূল অগ্রাধিকার।
কেপ নিউয়েনহ্যাম রাডার স্টেশনটি দেশটির প্যাসিফিক এয়ার ফোর্সের অধীনে পরিচালিত সামরিক নজরদারি নেটওয়ার্কের একটি অংশ। এটি দূরবর্তী সীমান্ত এলাকা ও আকাশপথের নিরাপত্তায় ব্যবহৃত হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে মার্কিন ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) ও এফএএ তদন্ত শুরু করেছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.