সিলেটে হামের পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে নিশ্চিত ও সন্দেহজনক হাম মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪০ জনে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সিলেট স্বাস্থ্য বিভাগের প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। তবে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৩১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ৩৪৭ জন সন্দেহজনক হাম রোগী।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে মোট ৯৮৮ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৩২০ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন রয়েছেন।
জেলা হিসেবে সন্দেহজনক হাম রোগে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সুনামগঞ্জে। সেখানে মারা গেছেন ৫৪ জন। এছাড়া সিলেটে ৫০ জন, হবিগঞ্জে ১৪ জন এবং মৌলভীবাজারে ১২ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, নিশ্চিত হাম রোগে চার জেলায় মোট ১০ জনের মৃত্যু হয়েছে।
নতুন রোগী হাসপাতালে ভর্তি, চিকিৎসাধীন রোগীর সংখ্যা বৃদ্ধি এবং মৃত্যুর ঘটনা অব্যাহত থাকায় সিলেট বিভাগে হামের পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়ছে। দ্রুত রোগ শনাক্তকরণ, চিকিৎসা ও প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.