ছবি সংগৃহীত :
বলিউডে ঈদের ছবিতে নায়ক হিসেবে থাকবেন ভাইজানখ্যাত সালমান খান। দেড় দশকেরও বেশি সময় ধরে তা অঘোষিত নিয়মে পরিণত হয়েছিল। সামনে ঈদেও এর ব্যতিক্রম হচ্ছে না। তবে সালমান খানের সঙ্গে নতুন ছবি নিয়ে আগামী ঈদে হাজির হচ্ছেন বাহুবলীখ্যাত প্রভাস। ফলে ২০২৭-এর ঈদ হয়ে উঠতে পারে সালমান-প্রভাসের লড়াইয়ের মঞ্চ।
জানা যায়, বংশী পৈডিপল্লী পরিচালত ‘এসভি৬৩’ ছবিতে অভিনয় করছেন সালমান খান।
সালমান খান নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও শেয়ার করে তার পরবর্তী ছবি ‘এসভি৬৩’ ২০২৭ সালের ঈদে বিশ্বব্যাপী মুক্তির বিষয়টি নিশ্চিত করেছিলেন।
এদিকে প্রভাসের বহুল প্রতীক্ষিত সিনেমা স্পিরিট বিশ্বব্যাপী মুক্তির তারিখ নির্মাতারা নির্ধারণ করেছেন ২০২৭ সালের ৫ মার্চ। আর সেখানেই দুই মহাতারকার লড়াইয়ের ইঙ্গিত সামনে আসে। সালমানের ছবির সঙ্গে সংঘাত এড়াতে ‘স্পিরিট’-এর মুক্তি নাকি পিছিয়ে যাচ্ছে এমন জল্পনা শোনা গেলেও তা নাকোচ করে প্রযোজনা সংস্থা টি-সিরিজ় জানিয়েছে, নির্ধারিত সূচি মেনেই ২০২৭ সালের ৫ মার্চ মুক্তি দেওয়া হবে ‘স্পিরিট’। ‘স্পিরিট’-এ প্রভাসের বিপরীতে রয়েছেন তৃপ্তি ডিমরী। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বিবেক ওবেরয়কেও। তবে ছবির গল্প নিয়ে নির্মাতারা এখনও খুব বেশি তথ্য প্রকাশ্যে আনেননি।
ঈদের সঙ্গে সালমানের সম্পর্ক দীর্ঘ দিনের। ‘ওয়ান্টেড’, ‘দবাং’, ‘এক থা টাইগার’, ‘বজরঙ্গি ভাইজান’-এর মতো একাধিক ছবির সাফল্য ঈদ উৎসবের সঙ্গে তার নামকে আরও শক্ত করে জুড়ে দিয়েছে। বলিউড হাঙ্গামার তথ্যে জানা যায়, ‘এসভি৬৩’ ছবিটিতে সালমান খান ছাড়াও অভিনয় করছেন নয়নতারা, অনিল কাপুর, জ্যাকি শ্রফসহ আরও অনেকে।
হাঙ্গামা আরও জানিয়েছেন, ‘এসভি৬৩’ কোনো সাধারণ অ্যাকশন ছবি নয়, বরং এটি একটি ম্যাস-অ্যাকশন থ্রিলার ড্রামা হতে যাচ্ছে। যেখানে একাধিক লুকে দেখা যাবে সালমান খানকে। মুম্বাইয়ের গোরেগাঁওতে নির্মিত সেটে আফগানিস্তানের আবহ তৈরি করে কিছু অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের পরিকল্পনা রয়েছে, যা ইঙ্গিত করে গল্পের সাথে আন্তর্জাতিক কোনো অপরাধ বা রাজনীতির সংযোগ থাকতে পারে।
আইটি ল্যাব সলিউশন্স লি.