প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৬ ১৭:৩২ (বুধবার)
স্বামীর কোদালের আঘাতে প্রাণ গেল স্ত্রীর

ছবি সংগৃহীত :

চট্টগ্রামের চন্দনাইশে কথাকাটাকাটির জেরে স্বামীর কোদালের আঘাতে নুরহাবা নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. সলিমকে আটক করেছে পুলিশ।

 

 

বুধবার (১৯ আগস্ট) সকালে উপজেলার দোহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুরহাবা (২৫) ও অভিযুক্ত সলিম (২৬) দুজনই কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১-এর বাসিন্দা। তারা বর্তমানে দোহাজারী পৌরসভার উল্লাপাড়ায় আইয়ুব আলী সওদাগরের বাড়িতে ভাড়া বাসায় বসবাস করছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সলিম নিয়মিত কাজ না করায় তাদের দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জের ধরে সলিম উত্তেজিত হয়ে কোদাল দিয়ে স্ত্রীকে আঘাত করেন। এতে নুরহাবা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চন্দনাইশ থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, ঘটনার খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশ অভিযুক্ত সলিমকে আটক করেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।