প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৬ ০৯:৩৫ (শুক্রবার)
ছোট ভাইয়ের স্ত্রীর লাথিতে প্রাণ গেল বড় ভাইয়ের

ছবি সংগৃহীত :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পারিবারিক কলহের জেরে মারামারিতে মামুন মিয়া (৪৫) নামে এক পল্লি চিকিৎসক নিহত হয়েছেন। নিহতের স্বজন ও স্থানীয়দের অভিযোগ, ছোট ভাইয়ের স্ত্রী হালিমা আক্তারের লাথির আঘাতে মামুন মিয়ার মৃত্যু হয়েছে।

 

 

বুধবার (১২ আগস্ট) রাতে উপজেলার রতনপুর ইউনিয়নের মাঝিয়ারা গ্রামের মৃধাবাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মামুন মিয়া ওই গ্রামের ২ নম্বর ওয়ার্ডের মৃত বাবুল মিয়ার ছেলে। তিনি পেশায় একজন পল্লি চিকিৎসক ছিলেন। মাঝিয়ারা বাজারে তার একটি হোমিওপ্যাথিক ওষুধের দোকান রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে বুধবার রাতে মৃধাবাড়িতে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এ সময় মামুন মিয়া গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পরে তার মৃত্যু হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য প্রবাসীর স্ত্রী হালিমা আক্তারকে আটক করা হয়েছে।

ওসি আরও জানান, নিহতের স্ত্রী নয়নতারা বেগম বাদী হয়ে থানায় মামলা করেছেন। ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।