প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৬ ২০:০৭ (বৃহস্পতিবার)
অভিনেত্রী ভিডিও ভাইরাল

ছবি: সংগৃহীত

পাকিস্তানি অভিনেত্রী দুরেফিশান সেলিমের নতুন নাটক ‘দার-ই-নিজাত’-এ ইংরেজি সংলাপ বলার ধরন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। বিষয়টি নিয়ে একপর্যায়ে ব্যক্তিগত আক্রমণের মুখে পড়েন এই অভিনেত্রী। তার পাশে দাঁড়িয়ে এবার কড়া প্রতিবাদ জানিয়েছেন জ্যেষ্ঠ অভিনেত্রী সানাম সাইদ।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সানাম সাইদ দুরেফিশানকে লক্ষ্য করে ব্যক্তিগত আক্রমণের সমালোচনা করেন। তিনি বলেন, কোনো শিল্পীর উচ্চারণ কিংবা উপস্থাপনা নিয়ে এভাবে সমালোচনায় মেতে ওঠা অস্বস্তিকর ও অযৌক্তিক। বিভিন্ন প্ল্যাটফর্মে যেভাবে দুরেফিশানকে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে, সেটিকে নির্মমতা ও অসংবেদনশীল আচরণ বলেও মন্তব্য করেন তিনি।

‘দার-ই-নিজাত’ নাটকে দুরেফিশান অভিনয় করছেন ‘জারিয়াব’ চরিত্রে। গল্প অনুযায়ী, সম্ভ্রান্ত পরিবারের এই তরুণী যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছে। তাই চরিত্রের প্রয়োজনেই তাকে উর্দু ও ইংরেজির মিশ্রণে কথা বলতে দেখা যায়।

তবে নাটকের সংলাপ ও দুরেফিশানের ইংরেজি উচ্চারণ নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ মনে করছেন, চরিত্রের সংলাপ ও চিত্রনাট্যে দুর্বলতা থাকলে তা নিয়ে গঠনমূলক সমালোচনা হওয়া স্বাভাবিক। আবার অনেকেই মনে করছেন, কাজের সমালোচনার নামে কোনো শিল্পীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা গ্রহণযোগ্য নয়।

দর্শকদের একাংশের মতে, একটি চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তোলার ক্ষেত্রে সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই চিত্রনাট্যের দুর্বলতা থাকলে তার প্রভাব অভিনয়েও পড়তে পারে। অন্যদিকে, সমালোচকদের আরেক অংশের দাবি, ব্যক্তিগত আক্রমণ নয়, বরং চিত্রনাট্য ও অভিনয়ের ত্রুটি গঠনমূলকভাবে তুলে ধরা উচিত।

অভিনয়শিল্পীর মূল কাজ দর্শককে চরিত্রের সঙ্গে একাত্ম করা। ফলে অভিনয় নিয়ে আলোচনা-সমালোচনা হওয়া স্বাভাবিক। তবে সেই সমালোচনা কখন ব্যক্তিগত আক্রমণে পরিণত হচ্ছে, সেটিই এখন পাকিস্তানের বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

প্রসঙ্গত, ‘ইশক মুর্শেদ’ নাটকে বিলাল আব্বাসের বিপরীতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান দুরেফিশান সেলিম। সম্প্রতি ‘কাফিল’ ধারাবাহিকেও ‘জেব’ চরিত্রে দেখা গেছে তাকে।