সুনামগঞ্জের তাহিরপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে সংরক্ষিত এলাকায় অবৈধভাবে প্রবেশ করে পরিবেশ দূষণের দায়ে আটটি ইঞ্জিনচালিত ট্রলারের চালককে মোট ৭ হাজার ৫৫০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট ) টাঙ্গুয়ার হাওরের ইসিএভুক্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ৫ ধারা লঙ্ঘন করে প্রতিবেশগত সংকটাপন্ন টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় অবৈধভাবে প্রবেশ ও পরিবেশ দূষণের অপরাধে আটটি ইঞ্জিনচালিত ট্রলারের চালককে বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
মোবাইল কোর্টে নেতৃত্ব দেন সুনামগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন শাওন। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল ইসলাম।
অভিযানে তাহিরপুর থানা পুলিশের সদস্য ও বাংলাদেশ আনসারের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
এদিকে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আসা হাউজবোট ও পর্যটকদের মধ্যে পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি স্থানীয় এলাকাবাসীকে ইসিএ এলাকায় ইঞ্জিনচালিত নৌযান চলাচলের ওপর বিদ্যমান বিধিনিষেধ সম্পর্কে অবহিত করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় আইন ও বিধিনিষেধ মেনে চলা জরুরি। পরিবেশের ক্ষতি হয়—এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.