মৌলভীবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৫টি ডাকাতি মামলার আসামি সাদ্দাম হোসেন কাজলকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে জেলা সদর উপজেলার আথানগিরী টিলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর থানার উপ পরিদর্শক (এসআই) রিপটন পুরকায়স্থের নেতৃত্বে পুলিশের একটি দল আথানগিরী টিলা এলাকায় অভিযান পরিচালনা করে সাদ্দাম হোসেন কাজলকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত কাজল সদর উপজেলার আথানগিরী গ্রামের আব্দুল আজিজের ছেলে।
সাদ্দাম হোসেন কাজল সিলেট বিভাগের অন্যতম চিহ্নিত এক অপরাধী। তার বিরুদ্ধে মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন থানায় ১৫টি ডাকাতি মামলা রয়েছে। এছাড়া আদালতের জারি করা ৪টি গ্রেফতারি পরোয়ানা তার বিরুদ্ধে এতদিন মুলতবি ছিল।
জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে বৃহস্পতিবার বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত কাজলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.