ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানের রাজপথে সক্রিয় ভূমিকার জন্য আলোচনায় থাকা জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন এবার অনলাইন হয়রানি ও ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে সরব হয়েছেন। এক ব্যক্তির হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট সামাজিকমাধ্যমে প্রকাশ করে নিজের ব্যক্তিগত মোবাইল নম্বর ছড়িয়ে দেওয়ার অভিযোগ করেছেন ‘রেহানা মরিয়ম নূর’খ্যাত এই অভিনেত্রী।
সম্প্রতি সামাজিকমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে বাঁধন দাবি করেন, একটি ফেসবুক আইডি থেকে তার ব্যক্তিগত মোবাইল নম্বরও প্রকাশ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে। একই সঙ্গে অনলাইনে নারীদের হয়রানি এবং ভয় দেখানোর বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
বাঁধন লেখেন, ‘যখন কোনো দল বলে, তারা সরকারে থাকলে নারীরা নিরাপদ থাকবে, অথচ একই সময়ে তাদেরই সমর্থকেরা অনলাইনে নারীদের ওপর এভাবে হামলে পড়ে, হয়রানি করে, এমনকি এখন এই ফেসবুক আইডি থেকে আমার ব্যক্তিগত মোবাইল নম্বরও ছড়িয়ে দেওয়া হচ্ছে- তখন এর চেয়ে বড় পরিহাস আর কী হতে পারে!’
ব্যক্তিগত মোবাইল নম্বর অনুমতি ছাড়া প্রকাশ্যে ছড়িয়ে দেওয়াকে অপরাধ উল্লেখ করে অভিনেত্রী আরও লেখেন, ‘কোনো ব্যক্তির ব্যক্তিগত মোবাইল নম্বর তার অনুমতি ছাড়া প্রকাশ্যে ছড়িয়ে দেওয়া শুধু হয়রানি নয়, এটি একটি শাস্তিযোগ্য অপরাধ।’
আইটি ল্যাব সলিউশন্স লি.