প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৬ ১৪:০৯ (বৃহস্পতিবার)
সিলেটে র‌্যাবের অভিযানে আটক ৪ যুবক

সিলেটের গোলাপগঞ্জে অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের চার সদস্যকে আটক করেছে র‌্যাব-৯। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত চারটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৯ জানায়, বুধবার (১২ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের গোলাপগঞ্জ থানাধীন গোলাপগঞ্জ বাজারের ওয়াহিদ উল্লাহ মার্কেটের একটি দোকানে অভিযান পরিচালনা করে র‌্যাব-৯, সদর কোম্পানির একটি অভিযানিক দল।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, ওই দোকানের ভেতরে কয়েকজন ব্যক্তি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে জুয়া খেলায় ব্যস্ত রয়েছে। খবর পেয়ে রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে র‌্যাবের অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় চারজনকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদপুর গ্রামের মো. রুবেল মিয়া (২৮), গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি গ্রামের প্রদীপ পাল (৩৪), একই এলাকার মো. জাহান উদ্দিন (২৯) এবং টাকু সেন (২৯)।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তারা অনলাইনে জুয়া খেলার উদ্দেশ্যে ওই স্থানে অবস্থান করছিলেন। পরবর্তীতে তাদের হেফাজতে থাকা চারটি স্মার্টফোন জব্দ করা হয়। 

র‌্যাব জানায়, জব্দ করা মোবাইল ফোন যাচাই করে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আলামত পাওয়া গেছে। আটক ব্যক্তিরাসহ বিভিন্ন অ্যাপের মাধ্যমে অনলাইন জুয়া খেলতেন বলেও প্রাথমিকভাবে জানা গেছে।

এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিদের এবং জব্দ করা আলামত গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।