প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৬ ১২:৫২ (বৃহস্পতিবার)
সিলেটে হাম উপসর্গে প্রাণ গেল ২ বছরের শিশুর, মৃতের সংখ্যা ১৩১

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ আগস্ট পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯১৪ জনে। আর সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগী মিলিয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩১ জনে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মারা যাওয়া শিশুটির বয়স ২ বছর। সে হবিগঞ্জের বাসিন্দা এবং হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী হিসেবে নতুন করে ৯৪ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২৯ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫১ জন, নর্থ ইস্ট হাসপাতালে ১ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন এবং গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যথাক্রমে ৩ ও ২ জন ভর্তি হয়েছেন। এছাড়া মৌলভীবাজারের বিভিন্ন হাসপাতালে আরও ৩ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৯৬ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৩৪ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯০ জন ভর্তি রয়েছেন। এছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ১ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৬ জনসহ বিভিন্ন উপজেলা ও জেলা হাসপাতালে আরও রোগী চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯১৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৯৮ জন, হবিগঞ্জে ১৩০ জন, মৌলভীবাজারে ১৩৩ জন এবং সুনামগঞ্জে ৩৫৩ জন আক্রান্ত হয়েছেন। নিশ্চিত হাম রোগীর হিসাবের মধ্যে রুবেলার দুজন রোগীর তথ্যও রয়েছে।

মৃত্যুর দিক থেকে সুনামগঞ্জে সংখ্যা সবচেয়ে বেশি। এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে সিলেটে ৪৩ জন, হবিগঞ্জে ১৭ জন, মৌলভীবাজারে ১২ জন এবং সুনামগঞ্জে ৫৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, নিশ্চিত হাম রোগে সিলেটে ৪ জন, মৌলভীবাজারে ১ জন এবং সুনামগঞ্জে ১ জনের মৃত্যু হয়েছে।

সব মিলিয়ে সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩১ জনে।