সিলেটের রায়নগরে স্বামী-স্ত্রী ও গৃহকর্মী হত্যার ঘটনায় বাবুল মিয়া নামের একজনকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
বুধবার (১২ ) সন্ধ্যা ৬টার দিকে নগরীর রায়নগর এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মঈনুল জাকির এ তথ্য নিশ্চিত করেছেন
আটককৃত বাবুলের বয়স আনুমানিক ৪০ বছর। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি।
এর আগে বুধবার (১২ আগস্ট) সকালে মিতালী ১১১ নম্বর বাসার দ্বিতীয় তলা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহতরা হলেন, বিয়ানীবাজার আখাখাজনা গ্রামের বাসিন্দা, বর্তমানে রায়নগর মিতালী আবাসিক এলাকার বাসিন্দা ব্যবসায়ী আব্দুস সাত্তার (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭২) এবং গৃহকর্মী তাহমিনা (১৫)।
জানা যায়, আব্দুস সাত্তার দীর্ঘদিন ধরে পরিবারসহ ওই বাসার দ্বিতীয় তলায় বসবাস করতেন। তার চার সন্তানই বিদেশে থাকেন। যার মধ্যে দুইজন থাকেন যুক্তরাজ্যে ও দুইজন যুক্তরাষ্ট্রে। ফলে বাসায় স্বামী-স্ত্রী ও গৃহকর্মী ছাড়া আর কেউ থাকতেন না।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯টার দিকে বাসা থেকে চিৎকারের শব্দ শুনলেও সেটিকে গুরুত্ব দেননি প্রতিবেশীরা। পরে সকাল ১০টার দিকে বাসার দরজা বন্ধ এবং দরজার নিচ দিয়ে রক্ত বের হতে দেখে সন্দেহ হয়। বিষয়টি জরুরি সেবায় (৯৯৯) জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তিনজনের মরদেহ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসার ভেতরের কক্ষগুলোতে পৃথকভাবে মরদেহ পড়ে ছিল এবং ঘরের আলমারি ও ওয়াড্রোব তছনছ অবস্থায় পাওয়া যায়। বাসার পেছনের দরজা দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। সিঁড়ির দিকে রক্তের দাগও পাওয়া গেছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.