প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৬ ১৮:১২ (বুধবার)
ইরানে হামলা চালাতে গিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭ মার্কিন নৌসেনা 

ছবি: সংগৃহীত

ইরানবিরোধী সামরিক অভিযানে নামানো যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনে গভীর অসন্তোষ ও হট্টগোলের জেরে নৌসেনাদের নিজেদের মধ্যেই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই নজিরবিহীন হাতাহাতি ও ধারালো অস্ত্রের হামলায় অন্তত সাত মার্কিন নৌসেনা নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

ইরানি সংবাদ সংস্থা মেহর নিউজ ও তাসনিম নিউজের প্রতিবেদনে দাবি করা হয়েছে, দীর্ঘ সময় ধরে সাগরে অবস্থান এবং সুনির্দিষ্ট সামরিক লক্ষ্য বাস্তবায়নে ব্যর্থতার কারণে ইউএসএস আব্রাহাম লিংকনে কর্মরত সেনাসদস্যদের মধ্যে তীব্র মানসিক চাপ ও ক্ষোভ জমছিল।

প্রতিবেদনে বলা হয়, বিরতিহীন দায়িত্ব পালন এবং দীর্ঘমেয়াদি মোতায়েন নিয়ে সেনাসদস্যদের অভিযোগ শুনতে সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধানের এক উচ্চপদস্থ প্রতিনিধি রণতরিটিতে যান। তবে ক্ষুব্ধ নাবিকেরা তাকে উদ্দেশ্য করে ভীতিপ্রদর্শনমূলক দুয়োধ্বনি দেন এবং পানির বোতল ছুড়ে মারেন। এর জের ধরেই একপর্যায়ে মার্কিন সেনাসদস্যদের দুটি দলের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে ধারালো অস্ত্র ব্যবহারে মর্মান্তিক এই প্রাণহানি ঘটে।

বর্তমানে ভারত মহাসাগরে অবস্থানরত এই রণতরিটি টানা ২৬৩ দিন ধরে সমুদ্রে মোতায়েন রয়েছে, যার মধ্যে ২০৮ দিনই সৈন্যরা নিরবচ্ছিন্নভাবে সমুদ্রে কাটিয়েছেন। এই বড় ঘটনার পর রণতরির ভেতরে চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।