সুনামগঞ্জে তাহিরপুরে বিয়ের প্রলোভনে ১৬ বছরের এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণের দায়ে আদালত কর্তৃক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবু কালামকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১২ আগস্ট) ভোররাতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের পাঠানপাড়া গ্রাম থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবু কালাম নিজ বাড়িতে অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি তদন্ত) সুশংকর পালের নির্দেশনায় অভিযানে নামে পুলিশ। পরে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুজ্জামান সজলের নেতৃত্বে এসআই দীপক, এসআই রাজু কুমার বর্মন, এএসআই কার্তিক, এএসআই রাইফুল, এএসআই শাহানুর ও এএসআই সাঈদসহ পুলিশের একটি যৌথ টিম অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে।
মামলা ও পুলিশ সূত্রে আরও জানা যায়, কালাম নিজেকে অবিবাহিত দাবি করে এক শিশু সামিয়ার সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে ২০২৪ সালের ২৪ মে বিয়ের প্রলোভন দেখিয়ে শিশুটিকে অপহরণ করেন এবং একাধিকবার ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার ২৯ মে তাহিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১২২৬) করে। পরে ২ জুন পুলিশ শিশুটিকে উদ্ধার করে।
মামলার বিচারকার্য শেষে আদালত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আসামি আবু কালামকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন। পরবর্তীতে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে আটক করতে সক্ষম হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.