সুনামগঞ্জের দিরাই উপজেলায় দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন তাদের বাবা কামরুল। উপজেলার পেরুয়া (মধুপুর) গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৮ আগস্ট দুই সন্তানকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে নিখোঁজ হন কামরুল। পরদিন তিনি একা বাড়িতে ফিরে আসেন। তবে তার দুই সন্তানকে সঙ্গে পাওয়া যায়নি।
এরপর মঙ্গলবার শান্তিগঞ্জ উপজেলার নোয়াগাঁও এলাকায় একটি শিশুর মরদেহ এবং বুধবার সুনামগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর এলাকায় আরও একটি শিশুর মরদেহ হাওরে ভেসে ওঠে। অজ্ঞাতপরিচয় ওই দুই শিশুর মরদেহ নিখোঁজ কামরুলের দুই সন্তানের বলে ধারণা করছে পুলিশ।
এ ঘটনায় বুধবার(১২ আগস্ট) কামরুলকে জিজ্ঞাসাবাদের জন্য দিরাই থানায় নিয়ে আসে পুলিশ। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি তার দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
দিরাই থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ‘কামরুল দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন। তাকে সুনামগঞ্জে পাঠানো হচ্ছে।’
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য জানতে তদন্ত চলছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.