সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ‘শূন্য বাল্যবিবাহ, শূন্য শিশুশ্রম এবং শূন্য স্কুল বহির্ভূত শিশু’ শীর্ষক সচেতনতামূলক প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকালে জাফলংয়ের মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাট এরিয়া প্রোগ্রামের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য মো. করিম মাহমুদ লিমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেন। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাট এরিয়া প্রোগ্রাম অফিসার জলমল মারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজ থেকে বাল্যবিবাহ ও শিশুশ্রম দূর করতে এবং প্রতিটি শিশুকে বিদ্যালয়ের আঙিনায় ফিরিয়ে আনতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বাল্যবিবাহ ও শিশুশ্রম শিশুদের স্বাভাবিক বিকাশ ও ভবিষ্যৎকে বাধাগ্রস্ত করে। কোনো শিশু যেন বিদ্যালয় থেকে ঝরে না পড়ে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, শিশুদের অধিকার নিশ্চিত করতে পরিবার ও সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাল্যবিবাহ ও শিশুশ্রমের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখী করতে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে নিজেদের অবস্থান থেকে সচেতন থাকার পাশাপাশি অন্যদেরও সচেতন করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ বিপুলসংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.