ছবি: সংগৃহীত
দেশের বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ‘উদ্যোগ’ নামের একটি সহজ শর্তের ঋণপ্রকল্প চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মূলত গ্রামের শিক্ষিত বেকার তরুণদের ব্যবসা ও বিভিন্ন আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত করতেই এই অর্থায়নের পরিকল্পনা করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) শীর্ষ নির্বাহীদের সঙ্গে আয়োজিত এক বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করে বাংলাদেশ ব্যাংক।
বৈঠকে প্রকল্পটির প্রাতিষ্ঠানিক কাঠামো, তহবিলের সম্ভাব্য আকার এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে ‘উদ্যোগ’ প্রকল্পের তহবিলের আকার হতে পারে ৩০০ থেকে ৫০০ কোটি টাকা। দেশের সব তফসিলি বাণিজ্যিক ব্যাংককে এই কর্মসূচির আওতাভুক্ত করার পরিকল্পনা রয়েছে। সব প্রস্তুতি সম্পন্ন করে আগামী তিন মাসের মধ্যে প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে চালু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বৈঠকে উপস্থিত সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শওকত আলী খান এবং এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জাকির আনাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্যাংক কর্মকর্তারা জানান, ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা সম্পর্কিত একটি পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন শিগগিরই জারি করবে কেন্দ্রীয় ব্যাংক। নীতিমালায় ঋণের সুদের হার, জামানতের শর্তাবলি, একক ঋণের সর্বোচ্চ সীমা এবং আবেদনকারীদের যোগ্যতার বিষয়টি সুস্পষ্ট করা হবে। প্রজ্ঞাপন জারির পর ব্যাংকগুলো নিজ নিজ শাখার মাধ্যমে ঋণ বিতরণ শুরু করবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.