প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬ ১৫:৪৮ (সোমবার)
সিলেটে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ, আক্রান্ত ১৩১ জন

সিলেট বিভাগে ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে বিভাগে মোট ১৩১ জনের ডেঙ্গু শনাক্ত হলো। একই সময়ে ডেঙ্গুতে নতুন করে কারও মৃত্যু হয়নি। তবে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।

সোমবার(১০ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত ডেঙ্গু রোগের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত পাঁচজনের মধ্যে তিনজন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে, একজন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং একজন মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে শনাক্ত হয়েছেন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১৩ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি পাঁচজন চিকিৎসাধীন আছেন লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে তিনজন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে একজন ভর্তি রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে স্বাস্থ্য বিভাগের হিসাবে, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।

১ জানুয়ারি থেকে ১০ আগস্ট পর্যন্ত জেলা ভিত্তিক হিসাবে, সিলেট জেলায় ২৬ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ৬২ জন এবং মৌলভীবাজারে ১৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এছাড়া অন্যান্য জেলা থেকে এসে চিকিৎসা নেওয়া আরও ৩ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে।

চার জেলার মধ্যে ডেঙ্গু শনাক্তের দিক থেকে সবচেয়ে বেশি আক্রান্ত হবিগঞ্জে। সেখানে এ বছর এখন পর্যন্ত ৬২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। সিলেট ও সুনামগঞ্জে ২৬ জন করে এবং মৌলভীবাজারে ১৪ জন আক্রান্ত হয়েছেন। অন্য জেলা থেকে আসা তিনজনকে নিয়ে বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩১।