প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬ ১৪:১৮ (সোমবার)
মাদকসহ বাবা-ছেলে আটক

ছবি সংগৃহীত :

কুমিল্লার মুরাদনগরে মাদক বিক্রির সময় ১১৫ গ্রাম গাঁজা ও নগদ ৩২ হাজার ১৫০ টাকাসহ বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ। 

 

 

রোববার (৯ আগস্ট) রাতে উপজেলার উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশে এসআই মো. আব্দুল্লাহ আল মাসুদ ও এসআই কুসুম বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি দল উত্তরপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী তার মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে মাদক বিক্রির অবস্থায় তার মিয়া (৭১) ও তার ছেলে শুকুর আলীকে (১৯) হাতেনাতে আটক করা হয়।

পুলিশের দাবি, আটকদের কাছ থেকে ১১৫ গ্রাম গাঁজা এবং গাঁজা বিক্রির নগদ ৩২ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া তার মিয়া একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে এর আগেও মাদক-সংক্রান্ত আরও ৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, মুরাদনগরকে সম্পূর্ণ মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।