প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬ ১২:২১ (সোমবার)
এবার এসএসসি পরীক্ষায় ফেল প্রায় ৭ লাখ শিক্ষার্থী

ছবি: সংগৃহীত

চলতি ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর সারাদেশে মোট ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী পাস করেছে। অপরদিকে ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন শিক্ষার্থী। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২.২৫ শতাংশ, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

গত বছর অর্থাৎ ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬৮.৪৫ শতাংশ। সেই হিসাবে এবার গড় পাসের হার কমেছে ৬.২ শতাংশ।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

প্রকাশিত ফলাফলের উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায়, এ বছর সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। অকৃতকার্য শিক্ষার্থীদের বড় অংশের কারণে এ বছর সার্বিক পাসের হারে প্রভাব পড়েছে।

বোর্ডভিত্তিক বিস্তারিত ফলাফল ও জিপিএ-৫ প্রাপ্তদের তালিকা নিজ নিজ বোর্ডের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে জানানো হচ্ছে।