করদাতাদের নিরবচ্ছিন্ন ও সহজ সেবা নিশ্চিত করতে এবং দেশের অর্থনৈতিক ভিত শক্তিশালী করতে কর আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন কর অঞ্চল-সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা।
তিনি বলেছেন, সঠিক আয়কর রিটার্ন জমা নিশ্চিত করা, আধুনিক কর ব্যবস্থার সঙ্গে সঙ্গতি রাখা এবং রাজস্ব আদায়ে সর্বোচ্চ স্বচ্ছতা আনতে নিয়মিত প্রশিক্ষণ আইনজীবী ও সংশ্লিষ্টদের জন্য অত্যন্ত কার্যকর।
শনিবার (৮ আগস্ট) বিকেলে নগরীর মেন্দিবাগ এলাকার একটি অভিজাত হোটেলের হলরুমে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী আয়কর বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর কমিশনার বলেন, ‘আমাদের মূল লক্ষ্য কেবল রাজস্ব আহরণ বৃদ্ধি করা নয়; বরং করদাতারা যেন কোনো ধরনের জটিলতা বা ভোগান্তি ছাড়াই স্বাচ্ছন্দ্যে কর প্রদান করতে পারেন, সেই পরিবেশ তৈরি করা।’
তিনি আরও বলেন, আধুনিক কর ব্যবস্থার পরিবর্তন ও আইনগত খুঁটিনাটি বিষয়ে স্বচ্ছ ধারণা থাকা প্রতিটি কর আইনজীবীর জন্য অত্যন্ত জরুরি। সিলেট জেলা কর আইনজীবী সমিতির এ সময়োপযোগী আয়োজন নতুন ও অভিজ্ঞ আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে পরোক্ষভাবে জাতীয় রাজস্ব প্রবৃদ্ধিও ত্বরান্বিত হবে।
সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সমর বিজয় সী শেখরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ট্যাক্স লয়ার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. আবুল ফজল।
এসময় উপস্থিত ছিলেন কর অঞ্চল-সিলেটের উপ-কর কমিশনার (সদর দপ্তর প্রশাসন) মো. গোলাম কিবরিয়া এবং সিলেট কর আইনজীবী সমিতির সহ-সভাপতি মোহাম্মদ আলী খোকন।
দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় মূল প্রশিক্ষক হিসেবে বিভিন্ন সেশন পরিচালনা করেন স্নেহাশীষ বড়ুয়া (এফসিএ)। এতে সিলেট জেলা কর আইনজীবী সমিতির বিপুলসংখ্যক সদস্য অংশগ্রহণ করেন।
কর্মশালায় আয়কর সংক্রান্ত বিভিন্ন আইন, আধুনিক কর ব্যবস্থা ও কারিগরি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পরে প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কর অঞ্চল-সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা।
আইটি ল্যাব সলিউশন্স লি.