সিলেটের জকিগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার দুইজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শনিবার (৮ আগস্ট) তাদের কারাগারে পাঠানো হয়। এ তথ্য নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক।
কারাগারে পাঠানো আসামিরা হলেন—জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের ওয়াসার গ্রামের আব্দুল হাসিমের ছেলে মারুফ আহমদ (২০) এবং একই ইউনিয়নের দরগাবাহারপুর গ্রামের কামাল আহমদের ছেলে দিদার আহমদ (২৩)।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে জকিগঞ্জ উপজেলার রতনগঞ্জ বাজার এলাকায় সন্দেহভাজন একটি পিকআপকে থামার সংকেত দেয় পুলিশ। তবে চালক পুলিশের সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ পিকআপটির পিছু নেয়।
রাত পৌনে ১২টার দিকে সুলতানপুর ইউনিয়নের কেরাইয়া এলাকায় পিকআপটি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মোরশেদ আলম। এ সময় পিকআপের ভেতর থেকে এক ব্যক্তি রামদা দিয়ে তার মাথায় কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে পিকআপটি ফেলে ডাকাত দলের সদস্যরা হাওরের দিকে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি রামদা, একটি চাকু ও একটি বাঁশের লাঠি উদ্ধার করে পুলিশ।
এরপর শুক্রবার (৭ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ-আটগ্রাম সড়ক দিয়ে পালিয়ে যাওয়ার সময় মারুফ আহমদ ও দিদার আহমদকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা করা হয়েছে।
জকিগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, গ্রেফতার দুইজনকে ডাকাতির প্রস্তুতির মামলায় গ্রেফতার করা হয়েছে। তাদের গ্রেফতার করতে গেলে পুলিশ সদস্যের ওপর হামলা করা হয়। এ ঘটনায় আহত পুলিশ সদস্য বাদী হয়ে হত্যাচেষ্টা মামলা করেছেন।
তিনি আরও বলেন, গ্রেফতারের পর দুই আসামি শনিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আহত পুলিশ কর্মকর্তা বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.