ছবি: সংগৃহীত
রাজবাড়ীতে টাকা ভাগাভাগির দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবলীগের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় কামরুল (৩৮) নামে একজনকে আটক করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সকাল ১০টার দিকে গোয়ালন্দ উপজেলার কাজীপাড়া তোরাই মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শরীফুল ইসলাম হীরা (৩৫) উপজেলার উজানচর ইউনিয়নের বহাদুরপুর গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের মৃত জাবেদ আলীর ছেলে ও গোয়ালন্দ পৌর যুবলীগের প্রচার সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি গোয়ালন্দ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকার শ্বশুরবাড়িতে থাকতেন।
গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী, নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, শরীফুল ও কামরুল একে অপরের বন্ধু ছিলেন। কামরুল গোয়ালন্দ পৌরসভার কুমড়াকান্দি গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে টাকাপয়সার লেনদেন নিয়ে বিরোধ চলছিল।
শনিবার সকালে গোয়ালন্দ বাজার থেকে কেনাকাটা শেষে বাড়ি ফিরছিলেন শরিফুল। পথে তোরাই মোড় এলাকায় পৌঁছালে তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়। একপর্যায়ে নিজের কাছে থাকা ছুরি দিয়ে আক্রমণ করেন কামরুল। এতে শরীফুল গুরুতর আহত হন।
অপর একটি সূত্র জানিয়েছে, কামরুল ও হীরার মধ্যে প্রায়ই টাকা নিয়ে কথা কাটাকাটি হত। শনিবারও সে রকম ঝগড়ার এক পর্যায়ে কামরুল হীরার পেটে ছুরিকাঘাত করেন। এ সময় রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে পড়ে যান।
পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত গোয়ালন্দ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ তথ্য নিশ্চিত করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম বলেন, সকালে ছুরিকাঘাতে শরিফুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। প্রাথমিকভাবে অর্থের লেনদেনকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে তথ্য পাওয়া যাচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.