প্রকাশিত: ০৮ আগস্ট, ২০২৬ ১৭:৩৫ (শনিবার)
জৈন্তাপুরে বাস চাপায় আহত ১, সড়ক অবরোধ করে বিক্ষোভ

সিলেটের জৈন্তাপুরে বাসের চাপায় মো. নাজিম উদ্দীন (৫৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয় জনতা প্রায় ঘন্টাব্যাপী  সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

শনিবার (৮ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর ৬নং কূপ সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত নাজিম উদ্দীন জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকার মাহমুদ আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তিনি হরিপুর সাকিনস্থ শাহ মাদার ফিলিং স্টেশনের প্রায় ৩০০ গজ দক্ষিণে নিজ বাড়ির সামনে পাকা সড়ক দিয়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো-ব-১৫-৯০৬৬ নম্বরের একটি গেইটলক বাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা প্রায় ঘন্টাব্যাপী  হরিপুর বাজার এলাকায় সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।বর পেয়ে জৈন্তাপুর মডেল থানা ও তামাবিল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

এ ঘটনায় দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। স্থানীয়দের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আল-আমীন মীর বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাসটি আটক করা হয়েছে। আহত ব্যক্তির চিকিৎসা চলছে।