প্রকাশিত: ০৮ আগস্ট, ২০২৬ ১৬:৪৬ (শনিবার)
সিলেটে অভিযানে ৫৪ গ্রেফতার, ৬৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা 

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ৬৫টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব গ্রেফতার করা হয়।

এসএমপি জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী এবং মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতার করা আসামি রয়েছেন।

অভিযানকালে ৬ লাখ ১০ হাজার ৬৬০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয়েছে।

এদিকে, ট্রাফিক বিভাগের অভিযানে মোট ৬৫টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৩৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ২৬টি যানবাহন আটক করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

নিরাপদ সিলেট গড়ে তুলতে এসএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।