প্রকাশিত: ০৮ আগস্ট, ২০২৬ ১১:৩১ (শনিবার)
সিলেটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি আটক

ছবি: সংগৃহীত

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯-এর অভিযানে সিলেট নগরীর হুমায়ুন চত্বর এলাকা থেকে ১ হাজার ৯৮০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

র‍্যাব-৯ জানায়, মাদক নির্মূল, সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং বিভিন্ন অপরাধ দমনে চলমান অভিযানের অংশ হিসেবে শুক্রবার (৭ আগস্ট) বিকেলে সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন চত্বর মোড়ে অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে বিকেল আনুমানিক ৪টা ৪০ মিনিটে বিলাস পরিবহনের কাউন্টারের সামনে অভিযান চালানো হয়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ১০টি নীল রঙের পলিথিন জিপার প্যাকেটের ভেতর থেকে মোট ১ হাজার ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক ব্যক্তি হলেন সুলতান আহমদ (৩৫)। তিনি সিলেট জেলার কানাইঘাট উপজেলার বড় কেওর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. আব্বাস আলী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি র‍্যাবকে জানান, তিনি সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।

এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর আটক আসামি ও জব্দকৃত আলামত দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।