প্রকাশিত: ০৭ আগস্ট, ২০২৬ ২১:৪১ (শনিবার)
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ ৯ জন নিহত   

সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার দয়ামীর এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরো অন্তত ২৫/৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট)  সকাল সাড়ে ৭ টার দিকে বেঙ্গল পরিবহণ ও ইউনিক বাসের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।  নিহতরা সকলে ইউনিক পরিবহণের যাত্রী বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনায় ঘটনাস্থলে ৮ জন এবং হাসপাতালের  নেওয়ার পর আরো একজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজন শিশু ও বাকিরা প্রাপ্ত বয়স্ক।

সিলেটের ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা বেঙ্গল পরিবহণ ও সিলেট থেকে ছেড়ে যাওয়া ইউনিক পরিবহণ ঘটনাস্থল সিলেট-ঢাকা মহাসড়কে উপজেলার দয়ামীর এলাকায় পৌছামাত্রা মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউনিক পরিবহণ রাস্তার খাদে পড়ে যায়। নিহতরা সকলে ইউনিক পরিহনের যাত্রী। দুর্ঘটনায় আহতদের বেশিরভাগই ইউনিক পরিবহণের। এ যাবত অন্তত ৩০ জনকে বিভিন্নভাবে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনো হতাহতদের নাম পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সকালে দুই বাসের সংঘর্ষের ঘটনায় হতাহতদের দেখে তারা ঠিক থাকতে পারেননি। তারা দুর্ঘটনার জন্য বেঙ্গল বাসের দায় দেখছেন।

নিহতদের মধ্যে যে ৫ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- সিলেট নগরীর সোবহানীঘাট এলাকার ভাড়াটিয়া বাসার বাসিন্দা উত্তম রায়ের ছেলে সপ্তম রায় প্রীতম (২২), তার গ্রামের বাড়ি সুনামগঞ্জে, রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার মারু মিযার ছেলে আবুল হোসেন (৪৬), কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার গোবরীনা লক্ষীপুর গ্রামের মৃত সাফি মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৪৮) ও একই জেলার ভৈরব উপজেলার চণ্ডিবর গ্রামের বাবুল মিয়ার মেয়ে শিল্পি পেহলি ভৈরবী (৩২) এবং ঢাকা বিক্রমপুর এলাকার জাহাঙ্গীর আলমের চার বছর বয়সী মেয়ে জাইফা (৩)। দুর্ঘটনায় জাইফার বাবা-মা আহত হয়েছেন।

নিহত আবুল হুসেনের চাচাতো ভাই সিরাজুল ইসলাম বলেন, "আমার কাজিন, আমার চাচাতো ভাই আবুল হোসেন ও তার ক সহকর্মী ইউনিক বাসে ছিলেন। তিনি ইউনিক বাসে বাড়িকে ব্রাহ্মণবাড়িয়ার নবীন্দ্রনগরে যাচ্ছিলেন। তার ফোন থেকে মৃত্যুর খবর বাড়িতে জানানো হয়েছে।

তিনি বলেন, এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে। সড়কে মানুষ স্বজন হারাচ্ছে প্রতিনিয়ত, এটা হতে পারে না। ফিটনেস বিহীন গাড়ি রাস্তায় বন্ধ করা প্রয়োজন।

যারা কনসার্ট পার্সন আছেন, প্রত্যেকের কাছে আহ্বান রাখব- যত দ্রুত সম্ভব পদক্ষেপ নেবেন, কেউ যেন স্বজন না হারায়।সরকারের কাছে, এবং কনসার্ট পার্সনদের কাছে, কনসার্ট অথরিটির কাছে, এই আহ্বান রাখব।

নিহত প্রীতমের খালাতো ভগ্নিপতি কাজল ভৌমিক বলেন, প্রীতমের আয়ের ওপর নির্ভর করেই চলতো পুরো পরিবার। তাকে হারিয়ে বৃদ্ধ মা ও বোন সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছেন। শোকের সাগরে ভাসা পরিবারটির অনিশ্চিত ভবিষ্যতের কঠিন বাস্তবতায় দাঁড়িয়ে।

নিহত প্রীতমের খালাতো বোন হৈমন্তী রায় বলেন, ”প্রীতম আমার খালাতো ভাই। বাবা-মায়ের একমাত্র ছেলে সে। সেই ওই পরিবারের আয় রোজগারের একমাত্র ভরসা ছিল। খুবই শান্ত স্বভাবের ছিল প্রীতম। সে ঢাকায যাওয়ার পথে ইউনিক পরিবহণে ছিল। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে আনার পর কেউ একজন তার মোবাইল থেকে ফোন দিয়ে বলে, ওই মোবাইলের মালিক সড়ক দুর্ঘটনায় মারা গেছে। তিনি জিজ্ঞেস করেন, একেবারে মারা গেছে? হ্যাঁ। এ কথা শোনার পর মাথায় আকাশ ভেঙে পড়লো। কি করবো ভেবে পাচ্ছি না। তার বাবা-মাকে কিভাবে ঘটনাটি জানাই, অসহায় চাহনী ও চোখে ছলছল জল নিয়ে  হাসপাতালের বারান্দায় বিমর্ষ অবস্থায় বসেছিলেন তিনি।

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওমর রাশেদ মবিন বলেন, ”আমরা হাসপাতালে ১৬ জন রোগী পেয়েছি। তার মধ্যে এক শিশু ঘটনাস্থলেই মারা যায়। আর প্রীতম নামের এক যুবক হাসপাতালে আনার পর মৃত্যু হয়। বর্তমানে হাসপাতালের বিভিন্ন ইউনিটে ১৪ জনের চিকিৎসা চলছে। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টায় সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকাগামী ইউনিক বাস ও বিপরীতগামী বেঙ্গল পরিবহণ ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা ঘটায়। এতে ইউনিক পরিবহণের ৮ যাত্রী ঘটনাস্থলে প্রাণ হারায়। হাসপাতালে আনার পর প্রীতম মারা যান।

ওসমানী হাসপাতালে আহত ১৪ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন- ওয়াহাব (৪৫), মনসুর (৩৪), আতিকুল ইসলাম (৪৮), বাবুল (৪০), মফিজ মিয়া (৫৫), সাজিদ নুর (৪৫), নুরুন্নাহার (৪০), মুক্তার হোসেন(৬৫), জাহাঙ্গীর (২৮), আফজল(৩০), আফরোজা (৩৮), মন্টু (৩০), রাজু (৫৫)।

এদিকে, দুর্ঘটনার জন্য বেঙ্গল পরিবহণকে দায়ী করা হচ্ছে। সিলেটের উদ্দেশ্যে আসা বাসটি ঘটনাস্থলে আসামাত্র অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে সরাসরি ইউনিক পরিবহণের সাথে দুর্ঘটনা ঘটায়।