প্রকাশিত: ০৬ আগস্ট, ২০২৬ ১৬:৩২ (শুক্রবার)
সূচক কমলেও পুঁজিবাজারে লেনদেন বেড়েছে

ছবি: সংগৃহীত

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৬ আগস্ট) পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৩ পয়েন্ট কমে ৫ হাজার ৮৬০ পয়েন্টে অবস্থান করছে।

অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট কমে যথাক্রমে ১১৮০ ও ২১৯১ পয়েন্টে অবস্থান করছে।
 
এদিন ডিএসইতে এক হাজার ১৪৭ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ৩৭ কোটি টাকা বেশি।

আগের দিন ডিএসইতে এক হাজার ১১১ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল। 
বৃহস্পতিবার ডিএসইতে ৩৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে।

এগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৮টি কোম্পানির, কমেছে ২৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো- একমি, সার্প ইন্ডাস্ট্রি, সেনা ইন্স্যুরেন্স, একমি লিমিটেড, সামিট পোর্ট, মালিক স্পিনিং, সায়হাম টেক্সটাইল, বেক্সিমকো লিমিটেড, ফার ইস্ট নিটিং, মুন্নু ফেব্রিকস ও বসুন্ধরা পেপার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ৬৪ পয়েন্ট কমে ১৫ হাজার ৭২৫ পয়েন্টে অবস্থান করছে। বৃহস্পতিবার সিএসইতে হাত বদল হওয়া ২৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৭টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ার দর।

এদিন সিএসইতে ২৯ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১১ কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে ১৮ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।