সিলেটের গোয়াইনঘাটে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, গেজেটপ্রাপ্ত আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনিক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।
সভায় বক্তারা ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশ গঠনে ছাত্র-জনতার এই আন্দোলন ইতিহাসের এক অনন্য অধ্যায়। জীবন বাজি রেখে যারা রাজপথে নেমেছিলেন, তাদের অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। গেজেটপ্রাপ্ত আহত জুলাই যোদ্ধারা এ আন্দোলনের জীবন্ত সাক্ষী। তাদের সুচিকিৎসা, পুনর্বাসন ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে সরকার ও প্রশাসন কাজ করে যাচ্ছে।
সভাপতির বক্তব্যে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে হবে। আহত জুলাই যোদ্ধারা আমাদের জাতীয় বীর। গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের যেকোনো প্রয়োজনে আমরা সবসময় পাশে আছি এবং থাকব।”
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক, জমিয়তে উলামায়ে ইসলাম গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি নুরুল ইসলাম বৌলগ্রামী, জামায়াতের উপজেলা আমির মাস্টার আবুল হোসেন, নায়েবে আমির ফয়েজ আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মঞ্জুর আহমদ, গেজেটপ্রাপ্ত আহত জুলাই যোদ্ধা আব্দুল মতিন, গোয়াইনঘাট রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, সাংবাদিক আমির উদ্দিন, এনসিপি গোয়াইনঘাট উপজেলা সদস্য সচিব মর্তুজ আলী এবং ছাত্রনেতা আমিরুল ইসলাম।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং জুলাই গণঅভ্যুত্থানে গেজেটপ্রাপ্ত স্থানীয় আহত যোদ্ধারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষপর্বে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। পরে গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আইটি ল্যাব সলিউশন্স লি.