হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক তিনটি অভিযানে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা, ফুচকা ও কাবেরী মেহেদি, ৪৩ কেজি গাঁজা এবং ১০ লিটার ভারতীয় বাংলা মদ জব্দ করা হয়েছে। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) রাতে এসব তথ্য নিশ্চিত করেন ৫৫ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবি জানায়, দুপুরে মাধবপুর উপজেলার সাতছড়ি বিওপির টহল দল সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাতছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪৩ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে।
বিকেলে চুনারুঘাট উপজেলার বাল্লা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার আসামপাড়া বাজারে এক সন্দেহভাজন ব্যক্তির ব্যাগ তল্লাশি করে ১০ লিটার ভারতীয় বাংলা মদ উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় মো. এনাম খান (২১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি উপজেলার জারুলিয়া গ্রামের মো. নিম্বর আলীর ছেলে। তাঁকে মাদকসহ চুনারুঘাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
একই দিন বিকেলে ভারতীয় পণ্যবাহী একটি ট্রাকের গোপন সংবাদের ভিত্তিতে চন্ডিছড়া মাজারসংলগ্ন পুরোনো ঢাকা–সিলেট মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসায় বিজিবি। সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ট্রাকটি ফেলে পালিয়ে যায়।
পরে ট্রাকটি তল্লাশি করে সুকৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় জিরা, ফুচকা ও কাবেরী মেহেদি উদ্ধার করা হয়। পাচারের উদ্দেশ্যে আনা এসব পণ্য জব্দ করা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে সবার সহযোগিতাও কামনা করেন তিনি।
আইটি ল্যাব সলিউশন্স লি.