হবিগঞ্জের বাহুবলে সংঘটিত আব্দুল্লাহ হত্যা মামলার আরেক আসামি আব্দুল মালেককে (২৪) গ্রেপ্তার করেছে র্যাব-৯।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে র্যাব-৯-এর গণমাধ্যম শাখা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে মৌলভীবাজারের রাজনগর থানার কাশিমপুর এলাকা থেকে আব্দুল মালেককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মালেক হবিগঞ্জের বাহুবল উপজেলার খুঁজারগাঁও এলাকার মো. সিরাজ মিয়ার ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত মোহাম্মদ আব্দুল্লাহ (৩৮) একই এলাকার বাসিন্দা। গত ৪ জুলাই সন্ধ্যা সোয়া ৭টার দিকে তিনি তার দুই ভাইকে সঙ্গে নিয়ে মসজিদে নামাজ আদায় শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় পূর্বশত্রুতার জেরে অভিযুক্তদের একটি দল দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন আব্দুল্লাহ ও তার দুই ভাই। স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন। আহত দুই ভাইকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে বাহুবল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং অভিযান চালিয়ে আব্দুল মালেককে গ্রেফতার করে।
এর আগে, গত ১৮ জুলাই একই হত্যা মামলার আরেক আসামিকে গ্রেফতার করেছিল র্যাব।
এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত আব্দুল মালেককে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.