প্রকাশিত: ০৪ আগস্ট, ২০২৬ ২১:০৫ (বুধবার)
মাদ্রাসাছাত্রী অপহরণ সুনামগঞ্জ থেকে উদ্ধার; অপহরণকারী গ্রেফতার

মাদ্রাসায় যাতায়াতের পথে প্রায়ই এক ছাত্রীকে উত্যক্ত করতেন আইয়ুব আলী। বিভিন্ন সময় তাকে অনৈতিক প্রস্তাবও দিতেন। এতে রাজি না হওয়ায় এবং বিষয়টি পরিবারের পক্ষ থেকে জানানো হলে ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রীকে অপহরণ করেন তিনি। তবে র‌্যাব-৯-এর অভিযানে শেষ পর্যন্ত অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার এবং অভিযুক্ত আইয়ুব আলীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য  নিশ্চিত করেছে র‌্যাব-৯-এর গণমাধ্যম শাখা। 

সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের মোল্লাপাড়া এলাকা থেকে অপহৃত মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করা হয়। একই অভিযানে অপহরণকারী আইয়ুব আলীকেও গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আইয়ুব আলী জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ঝালুরচর এলাকার মো. মকছেন আলীর ছেলে।

র‌্যাব জানায়, ভুক্তভোগী শিক্ষার্থী জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার একটি মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। মাদ্রাসায় যাতায়াতের পথে দীর্ঘদিন ধরে আইয়ুব আলী তাকে উত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি সহ্য করতে না পেরে একপর্যায়ে শিক্ষার্থীর বাবা অভিযুক্তের বাবাকে অবহিত করেন। এতে অভিযুক্ত ও তার পরিবার ক্ষুব্ধ হয়ে ওঠে।

গত ২৩ জুলাই সকাল ৬টার দিকে মক্তবে কোরআন শিক্ষা শেষে বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা আইয়ুব আলী মেয়েটিকে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ সময় মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তার পরিবারকে খবর দেন।

ঘটনার পর শিক্ষার্থীর বাবা দেওয়ানগঞ্জ থানায় মামলা (নং-২৩, তারিখ: ৩১/০৭/২০২৬) দায়ের করেন। মামলার পর র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার ও অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত শিক্ষার্থী ও গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।